অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরের রাজপাড়া এলাকা থেকে একটি সংগঠিত সাইবার প্রতারণা চক্রের সদস্য নাজমুস সাকিবকে আটক করেছে র্যাব-৫। ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের একাধিক অভিযোগের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ জানায়, সাকিব দীর্ঘদিন ধরে একটি সাইবার চক্রের হয়ে কাজ করতেন। তারা সাধারণ ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বেআইনি উপায়ে প্রবেশ করত, পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ন্ত্রণ নিত এবং পরে অ্যাকাউন্ট মালিকের পরিচয় ব্যবহার করে অর্থ আত্মসাৎ করত। অনেক ক্ষেত্রে তারা ভুক্তভোগীদের পরিচিতজনদের কাছেও আর্থিক সাহায্যের নামে টাকা হাতিয়ে নিত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব স্বীকার করেছেন, পলাতক অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে তিনি এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাদের লক্ষ্য ছিল প্রযুক্তিগত ফাঁকফোকর ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগীর অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। চক্রটি রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল।
সাকিবের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে। পরে আইনগত আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব কর্মকর্তারা মনে করছেন, সাকিবকে আটকের মাধ্যমে সাইবার প্রতারণা চক্রটির একটি গুরুত্বপূর্ণ লিংক চিহ্নিত করা গেছে। সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন তারা। সাইবার অপরাধ দমনে র্যাব-৫ ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।





