ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া স্থাপন করা ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী সাত দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএনসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সিটি করপোরেশনের এলাকায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ব্যানার, ফেস্টুন, পোস্টার বা বাড়ি ও ভবনের ছাদ ও দেওয়ালে বিজ্ঞাপন বোর্ড, সাইনবোর্ড বা এলইডি বিলবোর্ড বসিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের নিজেদের উদ্যোগে সরানোর জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে সরানো না হলে ডিএনসিসি উচ্ছেদসহ জরিমানা ও অন্যান্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।





