শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে বিদেশি পিস্তল–গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত তিন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গোয়েন্দা রমনা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। ওই সময় তিন আসামিকে তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো. মামুন (৩৭)।

ডিএমপি জানায়, ধরা পড়া আসামিরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সক্রিয় মাদক ব্যবসায়ী। তারা সন্ত্রাসী কার্যক্রম ও মাদক নিয়ন্ত্রণে আধিপত্য বজায় রাখতে এসব অস্ত্র ব্যবহার করত। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। ঘটনাটি নিয়ে কদমতলী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন