নুরুল্লাহ, অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের পূর্ব পাশের রেললাইনের পাশে দুর্বৃত্তরা বিস্ফোরকটি নিক্ষেপ করে বলে জানা যায়।
হঠাৎ বিস্ফোরণের শব্দে স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের পরপরই জিআরপি পুলিশ, অভয়নগর থানা পুলিশ এবং পাশের রাজঘাট সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন।
পুলিশ জানায়, ঘটনাটির সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা যায়নি। অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন,
“বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হঠাৎ এই বিস্ফোরণকে কেন্দ্র করে রেলস্টেশন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।





