শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ-৬ এর দুইবারের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-চৌহালী) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর

দীর্ঘ রাজনৈতিক জীবনে নুরুল ইসলাম তালুকদার কৈজুরী ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া জানান, নুরুল ইসলাম তালুকদার বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

তিনি আরও বলেন, নুরুল ইসলাম তালুকদার ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সৎ, কর্মঠ ও মানবিক নেতা। শাহজাদপুর ও চৌহালী অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শিক রাজনীতি ও জনসেবার মনোভাব আগামীর তরুণ রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন