মোঃ জুম্মান হোসেন( যশোর প্রতিনিধি ) :
যশোরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাকে দেখতে এসে হাসপাতালের ভেতরেই রক্ত দেখে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ছেলের নাম পলাশ ধর (৪৫)। তাঁর মা, আহত নারী সীমা ধর (৬৫), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে সীমা ধর বেজপাড়া এলাকার বাসা থেকে সিএনজিযোগে তাঁর কর্মস্থল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কোতোয়ালি থানার চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স তাঁদের সিএনজি গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে সীমা ধর গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং তাঁকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহত মাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন তাঁর ছেলে পলাশ ধর। মায়ের রক্তাক্ত শরীর ও গুরুতর অবস্থা দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাথা ঘুরে মাটিতে পড়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পলাশ ধরকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন যে তাঁর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সীমা ধরের চিকিৎসা এখনো চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে, পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত অ্যাম্বুলেন্সটিকে শনাক্ত করার জন্য কাজ চলছে।





