ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের ওই বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। চালক ও হেলপার তখন ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসের চালকের সিটের সামনে আগুন দেখা দিলে স্থানীয়রা চিৎকার করতে থাকেন এবং চালক ও হেলপার তখন জেগে ওঠেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কে ও কী উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন লাগিয়ে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।





