শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যরাতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীর সদর উপজেলার ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত শাখার গেটের আশপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। তবে শাখায় অবস্থানরত কর্মকর্তারা তৎক্ষণাৎ পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাখার পিয়ন–কাম–গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, “রাতে এখানে চারজন কর্মকর্তা থাকেন। তাঁদের উপস্থিতির কারণেই আগুন বড় আকার ধারণ করতে পারেনি। পরে এসে বিষয়টি জানতে পারি।”

ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, “রাতে অফিসে থাকার সময় সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে পানি এনে নিভিয়ে ফেলি। এরপর পুলিশকে জানাই। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অভিযোগ করতে থানায় এসেছি।”

দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান, “ঘটনার কিছুক্ষণ আগেও আমরা এখান দিয়ে টহল দিয়েছি। অন্য শাখার দিকে যাওয়ার সময় দেখি আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।”

শেয়ার করুন