সিলেট মহানগরের আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানেও।
রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, আখালিয়ার ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রাত দেড়টার দিকে আগুন লাগে। এতে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





