সিলেট শহরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানি হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী এবং সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন ধরানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক এসে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। রাত ৩টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের জুনাইদ জানান, হাসপাতালের আগুন নিয়ন্ত্রণ করতে রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ছুটে যায় এবং ৩টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে স্টেশনে ফিরে আসে। এরপর রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণের জন্য আরেকটি গাড়ি পাঠানো হয় এবং রাত ৪টা ৫০ মিনিটে গাড়িটি স্টেশনে ফিরে আসে।





