শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী আহত হন। রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রতিদিনের মতো হেঁটে বাংলামোটরে তাঁর অফিসে যাওয়ার সময় বিস্ফোরণে পড়ে আহত হন।

বিস্ফোরণের পর তাঁর পা ও হাতে জখম হয়। আবদুল বাসির জানান, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। তাঁর ধারণা, নিকটবর্তী উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ছিল ১৩ নভেম্বর। এদিন ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। ৭ নভেম্বর রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা বাড়তে থাকে।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এদিকে রায়কে ঘিরে অনলাইনে আবারও কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ, যার মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাও দেখা যাচ্ছে।

শেয়ার করুন