সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী প্রজন্মকে এগিয়ে নিতে মান্দায় সম্পন্ন হলো ‘প্রতিভা খোঁজে–২০২৫’ প্রতিযোগিতা

এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, মান্দা উপজেলার যৌথ উদ্যোগে “প্রতিভা খোঁজে–২০২৫” শীর্ষক মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় মোট ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, বই ও কলম প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় এবং সভাপতি সদেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং নওগাঁ–৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম, কালিগ্রাম দৌডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমানসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক শিক্ষা, প্রযুক্তি দক্ষতা ও সৃজনশীলতার চর্চায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেন,
“প্রতিভা খোঁজে–২০২৫ কর্মসূচি মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে।”
সম্মাননা পর্বে বক্তারা নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে পরিচালিত করতে শিক্ষকদের নিবেদিত ভূমিকার প্রশংসা করেন
শেয়ার করুন