জলিলুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে এক মর্মান্তিক ডাকাতির ঘটনায় দুলাল হোসেন (৫০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে হানা দিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি শাহিয়াল জাতের গাভি লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে হঠাৎ একদল ডাকাত দুলাল হোসেনের বাড়ির গেট ভেঙে গোয়ালে প্রবেশ করে। তারা গোয়ালঘর থেকে মূল্যবান গাভিটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় শব্দ পেয়ে কৃষক দুলাল হোসেন বাধা দিলে ডাকাত দলের একজন সদস্য ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুলাল হোসেনের ভাতিজা রিপন শেখ জানান, “মুখে গভীর জখম হয়েছে, ৩৩টি সেলাই দেওয়া হয়েছে।”
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। তিনি বলেন, “এ খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার কৃষকরা বলছেন, “একটার পর একটা গরু চুরি ও ডাকাতির ঘটনা বাড়ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” তারা দ্রুত ডাকাত চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





