শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ‘সিরিয়াল ম্যান’ রাজুর হাতে চিকিৎসা ডাক্তার অনুপস্থিত, প্রেসক্রিপশন দিচ্ছে কর্মচারী

রবিউল হক, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগী দেখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নিউ পপুলার এক্স-রে অ্যান্ড প্যাথলজি সেন্টারের কর্মচারী ও সিরিয়াল ম্যান রাজুর বিরুদ্ধে।
সূত্র জানায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ওই প্রতিষ্ঠানে কর্মরত ডা. উজ্জ্বল হোসেনের অনুপস্থিতিতে প্রায়ই রাজু রোগী দেখে প্রেসক্রিপশন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চেম্বারের দরজা ভেতর থেকে বন্ধ। কিছুক্ষণ পর রাজু দরজা খুললে দেখা যায়, ভেতরে ডাক্তারের চেয়ারে একজন রোগী বসা এবং সামনের চেয়ারে এক নারী অপেক্ষমাণ।
রোগী আক্কাস আলী বলেন, “আমি ইটভাটায় কাজ করি। শরীর ব্যথা নিয়ে চিকিৎসা নিতে এসেছিলাম। এই ছেলেই (রাজু) ওষুধ লিখে দিয়েছে। আমি ভেবেছি, উনিই ডাক্তার।”
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সিরিয়াল ম্যানের প্রেসক্রিপশন দেওয়া সম্পূর্ণ অবৈধ এবং এতে রোগীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, “ডা. উজ্জ্বল হোসেন বর্তমানে মানিকগঞ্জ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, যদিও তাঁর পদায়ন দৌলতপুরে।”
অভিযুক্ত চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন জানান, “রাজু রোগী দেখতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি কাজ। আমি এমন কিছু অনুমতি দিইনি।”
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম. মোফাখখারুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
শেয়ার করুন