সাকিব খান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
ছোট ভাইয়ের সম্পত্তি কৌশলে জালিয়াতির মাধ্যমে বিক্রি করলো আপন বড় ভাই। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রাজধরপুর গ্রামে। সম্পত্তি ফিরে পেতে ছোট ভাই নাজির হোসেন বিভিন্ন মাধ্যমে ধর্না দিয়ে ব্যর্থ হয়ে শেষমেশ বড় ভাই নজির হোসেনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে নাজমুল হোসেন ওরফে নাজির হোসেন জানান, আমার বড় ভাই আড়াই শতক জমি পাবে। তার নাম নজির হোসেন আর আমার ডাক নাম নাজির হোসেন৷ তিনি আমার ডাক নাম ব্যবহার করে গোপনে আমার ৮ শতক জমি বিক্রি করে দিয়েছে। এমনকি আমার কাছে তার আড়াই শতক জমি বিক্রি করে টাকাও নিয়েছে। সে আমার সাথে জালিয়াতি করেছে। আমি এ বিষয়ে নাকোল ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে নাকোল ইউনিয়ন পরিষদ থেকে তাকে তিন তিন বার ডাকা হলে তিনি আসেনি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
ঘটনার সত্যতা জানতে বুধবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নাকোল ইউনিয়নের রাজধরপুর গ্রামের আকমাল হোসেনের মৃত্যুর পর তার সম্পত্তি ৮ ছেলে ও ৩ কন্যার মধ্যে বন্টন হয়। তার চতুর্থ ছেলের নাম নজির হোসেন এবং পঞ্চম ছেলের নাম নাজির হোসেন এ নামেই এলাকার লোকজন তাদের চিনেন।২০২০ সালের ১৩ সেপ্টেম্বরের নজির হোসেনের নজির এন্টারপ্রাইজ নামে মুদী দোকানের ট্রেড লাইসেন্স থেকে জানা যায়, তিনি সেই লাইসেন্সে নিজেকে নজির হোসেন বলে পরিচয় দেন। এবং নাকোল ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া ওয়ারেশ কায়েম সার্টিফিকেটও তিনি নজির হোসেন বলেই সনাক্ত হন। কিন্তু ছোট ভাই নিজের এনআইডি কার্ডে নাজমুল হোসেন নাম ব্যবহার করলে এ সুযোগে নজির হোসেন জালিয়াতি করে নিজের এনআইডি কার্ডে নাজির হোসেন করে নেন। তিনি এই এনআইডি কার্ডের মাধ্যমে নিজের আড়াই শতক এবং ছোট ভাইয়ের সাড়ে পাঁচ শতক মোট আট শতক জমি আনিচ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে।
এ বিষয়ে নজির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি নিজেকে নজির হোসেন বলেই পরিচয় দেন। তবে তার সাথে সাক্ষাতে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাত কথা বলতে রাজী হননি।
তবুও সাক্ষাতে এ বিষয়ে কথা বলতে রাজধরপুর তার গ্রামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার সঠিক পরিচয় জানতে তার স্ত্রী শারমিন বেগমের সাথে কথা বললে তিনি স্পষ্ট জানান, তার স্বামীর নাম নজির হোসেন। ভোটার আইডি কার্ডে নাজির হোসেন হয়েছে। কিন্তু তার প্রকৃত নাম নজির হোসেন।
নজির হোসেন ও নাজির হোসেনের বড় ভাই আব্দুস সালাম জানান, আমি ওদের বড় ভাই। ওরা দুই ভাইয়ের নাজির গড়াই নদীর ঐপাড়ে থাকে আর নজির এপাড়ে থাকে। নজির খুব ধুরন্ধর সে জালিয়াতি করে ছোট ভাই নাজিরের জমি অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, ওর যতটুকু ছিল তা ছোট ভাইয়ের কাছে বিক্রি করে টাকাও নিয়েছে। এ নিয়ে অনেক শালিস বিচার হয়েছে কিন্তু নজির কারো কথায় মানে না।
এ বিষয়ে এলাকার লোকজনের সাথে কথা হলে তারা জানান, আমরা এলাকার লোকজন বড় ভাইয়ের নাম নজির হোসেন আর ছোট ভাইয়ের নাম নাজির হোসেন বলেই জানি। কিন্তু নজির হোসেন জালিয়াতি করে ছোট ভাই নাজির হোসেনের নাম ব্যবহার করে ছোট ভাইয়ের জমি বিক্রি করে দিয়েছে। ভাই হয়ে ভাইয়ের সাথে তিনি যা করেছে তা ঠিক করেনি। কোন ভাই অন্য কোন ভাইয়ের সাথে এমনটি করতে পারে না।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





