শুক্রবার, ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কোপোলামিন চক্রের তানিয়া গ্রেফতার

রাজধানীর রূপনগর থেকে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন জাতীয় কেমিক্যাল ব্যবহার করে অর্থ ও স্বর্ণালংকার হাতানোর অভিযোগে মোসা তানিয়া (৪০)কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রূপনগর থানা। তার বিরুদ্ধে ৩৮টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে তানিয়ার পরিচয় হয়। কথোপকথনের একপর্যায় তানিয়া তার ব্যাগ থেকে স্কোপোলামিন জাতীয় কেমিক্যাল বের করে নাসিমার নাকের কাছে ধরে তাকে অচেতন করে ফেলে।

পরবর্তীতে নাসিমার কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বেলাল হোসেন বাদী হয়ে রূপনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর রূপনগর থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে তানিয়ার অবস্থান শনাক্ত করে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রয় থেকে ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশন গয়না ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তানিয়া দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী পরিবারের তথ্য সংগ্রহ করতো। নিজেকে প্রবাসী বা প্রবাসীর আত্মীয় পরিচয় দিয়ে টার্গেটকৃত বাসায় প্রবেশ করতো। ভুক্তভোগীদের আস্থা অর্জনের পর স্কোপোলামিন প্রয়োগ করে তাদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করতো।

ডিএমপি উল্লেখ করেছে, “তানিয়া একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে এবং সে নিয়মিতভাবে এলাকা পরিবর্তন করে প্রতারণা করতো।”

গ্রেফতার তানিয়াকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে, এবং তার সহযোগী চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন