বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরের ডিবির তৎপরতায় উন্মোচিত মোটরসাইকেল চোরচক্র

নুরুল্লাহ (অভয়নগর), যশোর প্রতিনিধি :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে কেশবপুরে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি যশোর।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর (২০২৫) দুপুরে কেশবপুর থানাধীন সাহাপাড়া এলাকার ব্র্যাক প্রজেক্ট অফিসের গ্যারেজ থেকে শাহরিয়ার নাফিজ (৩০)-এর ব্যবহৃত Yamaha FZ-V2 মোটরসাইকেলটি অজ্ঞাত চোরচক্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা (নং-১০/১১/২৫) দায়ের করা হয়।

 

চুরির পর থেকেই যশোর ডিবির একটি চৌকস টিম তদন্ত শুরু করে। এসআই (নিঃ) শেখ আবু হাসান ও এএসআই (নিঃ) মোঃ লাভলু হোসেনের নেতৃত্বে টিমটি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে প্রথমে মোঃ সবুজ (২৯) নামে এক চোরচক্র সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার কাকশিয়ালী এলাকা থেকে সালাউদ্দিন গাজী (৩৮)-কে গ্রেফতার করা হয়।

 

তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিবি টিম শ্যামনগর থানার চিংড়াখালী গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া FZ-V2 মোটরসাইকেলটি উদ্ধার করে।

 

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত দুইজনই পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে মোঃ সবুজের বিরুদ্ধে ৫টি ও সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ৩টি চুরির মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
*মোঃ সবুজ শেখ (২৯) — পিতা: জহুরুল ইসলাম, মাতা: বেবি খাতুন, সাং: মাজাট, ফুলতলা, থানা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা।
* সালাউদ্দিন গাজী (৩৮) — পিতা: মৃত আহসান গাজী @ হাসান গাজী, মাতা: মৃত ময়না বেগম, সাং: কাকশিয়ালী, থানা: কালিগঞ্জ, জেলা: সাতক্ষীরা।

শেয়ার করুন