অপু দাস, স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ পদ্মা চরজুড়ে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান। ‘অপারেশন ফার্স্ট লাইট’ নামে এই অভিযানে সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এপিবিএন সদস্যরা।
শনিবার ভোররাত থেকে শুরু হওয়া অভিযানে অংশ নিয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন সদস্য। সকাল পর্যন্ত অভিযানে কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার, ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, “কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছে।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত রয়েছে এবং বিকেলে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে।”
গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে তিনজন নিহত হন।
ঘটনার পর বাহিনীপ্রধান হাসিনুজ্জামান কাকনসহ সদস্যদের নামে মামলা দায়ের হয় দৌলতপুর থানায়। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় তাঁদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





