আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবাসীদের প্রিয় মুখ মোহাম্মদ ইলিয়াস হোসেন।
দীর্ঘ প্রবাসজীবনে সৌদি আরবে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেলেও, ইলিয়াস হোসেন সবচেয়ে বেশি পরিচিত হয়েছেন প্রবাসীদের নির্ভরতার প্রতীক হিসেবে। বিপদে-আপদে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানো, আহত বা মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা—সবকিছুতেই তিনি ছিলেন মানবতার এক নিবেদিতপ্রাণ সৈনিক।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সৌদি আরব শাখার সহ-সভাপতি হিসেবে তিনি বহু বছর ধরে প্রবাসীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে আসছেন। প্রবাসে থেকেও দেশের রাজনীতি, মানবতা ও উন্নয়নের প্রশ্নে তিনি সবসময় সক্রিয় ছিলেন।
দেশে ফিরে ইলিয়াস হোসেন নিজেকে যুক্ত করেছেন নানা মানবিক কর্মকাণ্ডে—রাস্তায় অসহায় মানুষ, মসজিদের ইমাম, অসুস্থ রোগী, এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রম—সব জায়গাতেই তাঁর সহযোগিতার হাত পৌঁছেছে। নিজের অর্থ ও শ্রমে তিনি অসংখ্য সামাজিক সংগঠন ও মানবিক উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন।
ইলিয়াস হোসেন মনে করেন, “দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে প্রশাসনিক ক্ষমতা দরকার—যার মাধ্যমে দুর্নীতি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।” এই বিশ্বাস থেকেই তিনি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন।
বর্তমানে তিনি নিয়মিত গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন—চা-চক্র, উঠান বৈঠক, মোটরসাইকেল শোভাযাত্রা ও ছোট-বড় সমাবেশে দিচ্ছেন উপস্থিতি। তাঁর প্রচারণায় সাধারণ মানুষের সাড়া দিন দিন বাড়ছে।
স্থানীয় এক কৃষক বলেন,
“ইলিয়াস ভাই মানুষের জন্য কাজ করেন, রাজনীতির জন্য নয়। এবার আমরা ভোটের মাধ্যমে তাঁর সেই মানবিক কাজের প্রতিদান দিতে চাই।”
একজন প্রবাসী জানান,
“আমাদের কষ্ট, ঘাম, সমস্যাগুলো তিনি বোঝেন। তাই এবার প্রবাসীরা চায় ইলিয়াস ভাই সংসদে যাক।”
নিজের অবস্থান পরিষ্কার করে ইলিয়াস হোসেন বলেন,
“আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে। দুর্নীতি ও মাদকমুক্ত মানিকগঞ্জ গড়ে তোলাই আমার লক্ষ্য।”





