বাগেরহাটের ফকিরহাটে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামের এক শিশু মারা গেছে। রোববার (৯ নভেম্বর) সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সঙ্গে কাটাখালীতে একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং ভাড়া বাসায় থাকত।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় ঢাকাগামী সেতু পরিবহন নামের বাস তাকে চাপা দেয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





