রবিউল হক, স্টাফ রিপোর্টার :
তিন মাসের কুমির আতঙ্কের পর অবশেষে ইছামতী নদী থেকে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির। দীর্ঘদিন ধরে হরিরামপুর ও সদর উপজেলার বিভিন্ন খালে কুমির ভেসে ওঠার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় নদীর পাড়ে কুমিরটিকে প্রথম দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। পরে এলাকাবাসী রশি ও ফাঁদ ব্যবহার করে কুমিরটিকে নিরাপদে আটক করতে সক্ষম হয়।
সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লালন জানান, “গত তিন মাস ধরে এলাকাবাসী কুমির আতঙ্কে দিন কাটাচ্ছিল। শুক্রবার রাতে ধরা পড়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট এবং ওজন আনুমানিক একশ কেজি।”
এলাকার বাসিন্দা আবিদ মিয়া বলেন, “একটি কুমির ধরা পড়েছে ঠিকই, তবে আশঙ্কা করা হচ্ছে আরও কুমির থাকতে পারে। তাই প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
ঘটনার পর থেকে নদীর দুই তীরে কৌতূহলী মানুষের ভিড় দেখা গেছে। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে কুমিরটিকে স্থানীয় বাদশা কসাইয়ের বাড়িতে অস্থায়ীভাবে রাখা হয়েছে।
এদিকে, বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে। কুমিরটি কোথা থেকে এসেছে এবং নদীতে আরও কুমির আছে কিনা—তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





