ফরিদপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় জুড়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। গত কয়েক দিন ধরে দু’পক্ষের পাল্টাপাল্টি মিছিল, অবরোধ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩–৪ দিন ধরে আলফাডাঙ্গা, বোয়ালমারীসহ বিভিন্ন বাজারে দলীয় কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষ, হরতাল ও অবরোধ চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়ছে দিনমজুর, কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরাপদে কাজ করতে পারছেন না বলে অনেকের অভিযোগ।
শুক্রবার বিকাল তিনটার দিকে বোয়ালমারী বাজারে সংঘর্ষ চরম আকার ধারণ করে। দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর চালায় হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে বাজারের অসংখ্য দোকানপাট মার্কেট শপিং মল ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। বাজারের বিভিন্ন দোকানপাটে এবং রাস্তার বিভিন্ন স্থানে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে আগুন লাগিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে।

সংঘর্ষের সময় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের গাড়িতে বাধা দেয় এবং তাদের ওপরও হামলা চালায়। ফলে আগুন নেভানো সম্ভব হয়নি, বরং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর থেকে বোয়ালমারী পৌরসভা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারে দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের রাজনৈতিক সহিংসতায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।





