বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং।
সাক্ষাৎকালে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বৈঠকে অংশ নেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ নানা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে বৈঠকে কী কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি।





