মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত

xr:d:DAF-dQzrhvc:3,j:8437914419515557727,t:24030313

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের মধ্যে গভীর রাতে গোলাগুলির ঘটনায় মো. সাজ্জাদ (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোডের বগার বিল মুখ এলাকায়। পুলিশ জানায়, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত সাজ্জাদ যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার অনুসারী ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, বাদশার অনুসারী ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

দলীয় সূত্রের দাবি, যুবদলকর্মী মো. জসিমকে সিরাজপন্থীরা তুলে নিয়ে যাওয়ার পর তাঁর অনুসারীরা তাঁকে উদ্ধারে গেলে এ গোলাগুলি হয়। গুলিবিদ্ধ অবস্থায় সাজ্জাদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শেয়ার করুন