নুরুল্লাহ, যশোর প্রতিনিধি :
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড়ে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একজন চোরাকারবারিকে আটক করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ অলিউল্লা (৫৫), শেখ আরিজুল্লাহর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের দল সকাল ৬:৩০ টার দিকে মুড়লীর মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে তার দেহ তল্লাশি করলে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় আটটি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১.০২০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার অলিউল্লা স্বীকার করেছেন যে, তিনি স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে নিয়ে যাচ্ছিলেন।
অভিযান শেষে অলিউল্লাকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।





