মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে আলোচনায় প্রধান উপদেষ্টা ইউনূস ও জেনারেল মির্জা

পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ, এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জেনারেল মির্জা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গভীর। তিনি দুই দেশের জনগণের পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাকিস্তানের পক্ষ থেকে তিনি বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তাঁর ভাষায়, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা একে অপরের অগ্রগতিতে সহায়তা করতে পারি।” সাক্ষাতে জেনারেল মির্জা জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌ যোগাযোগ ইতোমধ্যে চালু হয়েছে এবং অচিরেই ঢাকা-করাচি আকাশপথ চালুর পরিকল্পনা রয়েছে।

আলোচনায় উভয়পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর একমত হন। একই সঙ্গে ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা খবর ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এ সমস্যার মোকাবিলায় বৈশ্বিকভাবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

সাক্ষাতকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন