অপু দাস , রাজশাহী প্রতিনিধি :
চায়না দুয়ারি বা কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জেলেরা। রবিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র অঞ্চলের শতাধিক জেলে এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা জানান, জলাভূমি ও নদীনির্ভর বাংলাদেশের দেশীয় মাছের অস্তিত্ব এখন মারাত্মক হুমকির মুখে। চায়না দুয়ারি জালের কারণে শুধু দেশীয় মাছই নয়, ব্যাঙ, কচ্ছপ, জলজ পাখি ও উদ্ভিদের মতো বাস্তুসংস্থানের অন্যান্য প্রাণীর জীবনও বিপন্ন হচ্ছে। তারা বলেন, “এই জাল দিয়ে নদী-খাল পরিষ্কার করা নয়, পুরো জীববৈচিত্র্যকেই নিশ্চিহ্ন করা হচ্ছে।”
বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী ইতোমধ্যে চায়না দুয়ারি ও কারেন্ট জাল নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করে কিছু বাণিজ্যিক মৎস্যজীবী এই জাল ব্যবহার করছে, যা দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।
জেলেরা দাবি জানান, এসব ক্ষতিকর জাল দ্রুত জব্দ ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে জলজ পরিবেশ, দেশীয় মাছ ও জেলে সংস্কৃতি ধ্বংসের মুখে পড়বে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, গ্রীন কোয়ালিশন সবুজ (সংগতি) রাজশাহী’র আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বারসিক রাজশাহী’র আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা সমন্বয়ক মাহমুদ জামান কাদেরী, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট রায়হান এবং ইয়্যাস রাজশাহী’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।





