নভেম্বরের শেষের দিকে পবিত্র ওমরাহ পালনের জন্য সপরিবারে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমরাহ সম্পন্ন করার পর তিনি লন্ডন ফিরে আবার ঢাকার ফ্লাইট ধরবেন। রোববার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
তিনি জানান, তারেক রহমান আগামী মাসের ২০-২১ তারিখের দিকে সৌদি আরব পৌঁছাবেন এবং ওমরাহ শেষে আবার লন্ডনে ফিরে আসবেন। বাংলাদেশে ফেরার সময় সম্পর্কে মেজর (অব.) আকবর বলেন, নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা আছে, তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।
তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি একটি নিরাপত্তা কমিটি গঠন করেছে। কমিটির একজন সদস্য জানিয়েছেন, “আমরা ২৩ নভেম্বরের সম্ভাব্য তারিখ ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছি। সরকারের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি করা হচ্ছে।”
এছাড়াও জানা গেছে, দেশে ফেরার সময়ের মধ্যে জাপান থেকে বুলেটপ্রুফ গাড়িও আনা হবে। দেশে পৌঁছানোর পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। উল্লেখ্য, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার এই বাড়িটি তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল।





