জোড়া গোল করাকে যেন নিজের স্বভাবেই পরিণত করেছেন লিওনেল মেসি। চলতি মৌসুমে অন্তত ১১টি ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই তারকা। শেষ ম্যাচে সে ধারা ভেঙে করেছিলেন হ্যাটট্রিক। তবে এবার আবারও ফিরলেন সেই পরিচিত ছন্দে—জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে এনে দিলেন সহজ এক জয়। ন্যাশভিলের বিপক্ষে তার দুই গোলেই মিয়ামি জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। মেজর লিগ সকারে এই মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ। এর মধ্য দিয়েই তিনি নিশ্চিত করেছেন গোল্ডেন বুট। আজ সেই কাঙ্ক্ষিত ট্রফিটিও হাতে পেয়েছেন তিনি।
ট্রফি হাতে নিয়েই যেন আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন ফুটবলের এই জাদুকর। ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে দারুণ এক হেডে বল জড়ান প্রতিপক্ষের জালে। এরপর নিজের পাস থেকেই শুরু হয় দলের দ্বিতীয় গোলের আক্রমণ। ডান প্রান্ত থেকে মেসির বাড়ানো বলে ইয়ান ফ্রেইয়েনের ক্রসে হেড করে গোল করেন তাদেও আইয়েন্দে। অতিরিক্ত সময়ে মেসি পান তার দ্বিতীয় গোলের সুযোগ। জর্দি আলবার ক্রস ধরতে গিয়ে গোলরক্ষক ও ডিফেন্ডারের মধ্যে বিভ্রান্তির সুযোগে বল পেয়ে যান তিনি। সহজেই বল ঠেলে দেন জালে। এতে করে মৌসুমে ১২তম বার জোড়া গোলের স্বাদ পান মেসি।
ন্যাশভিলের হয়ে হানি মুখতারের একমাত্র গোল ব্যবধান কমালেও হার এড়ানো সম্ভব হয়নি। এই জয়ে ইন্টার মিয়ামি এখন এমএলএস প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালের দ্বারপ্রান্তে। সিরিজে বাকি আছে আরও দুটি ম্যাচ—এর মধ্যে একটি জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। তবে মিয়ামি এবার সতর্ক থাকবে নিশ্চয়ই। কারণ গত মৌসুমেও প্রথম ম্যাচে জিতে পরের দুই ম্যাচ হেরে প্লে-অফ থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। মেসির নেতৃত্বে এবার সেই ভুল আর করতে চাইবে না ইন্টার মিয়ামি।





