বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক শচীন সাংঘভির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ২৯ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে এ অভিযোগ আনেন। অভিযোগের পরপরই পুলিশ শচীনকে আটক করে। তবে অল্প সময়ের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে শচীনকে হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে শচীনের আইনজীবী আদিত্য মিঠে বলেন, “আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো প্রমাণ ছাড়াই তাকে আটক করা হয়েছিল। সেই কারণেই আদালত দ্রুত তাকে মুক্তি দিয়েছেন। আমরা প্রতিটি অভিযোগের আইনি জবাব দেব।”
উল্লেখ্য, শচীন সাংঘভী বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সঙ্গীত পরিচালক। তিনি সহকর্মী জিগার সারইয়ারের সঙ্গে মিলে বহু হিট গানে সুর দিয়েছেন। সম্প্রতি আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘থামা’ সিনেমার সঙ্গীত পরিচালনাও করেছেন তারা।





