মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে কিশোরীর রহস্যজনক মৃত্যু, মামার বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ গোলাম মোস্তফা, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে মামার বাড়ি থেকে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের মোহাম্মদ বলাইয়ের ঘর থেকে মরদেহটি উদ্ধার করে। মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের পলাশ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার ছোটবেলা থেকেই তার নানীর কাছে মামার বাড়ি নতুন টুপকারচর গ্রামে বসবাস করে আসছিল। তার বাবা পলাশ মিয়া ও মা শিরিন আক্তার ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। সংসার চালাতে তারা দীর্ঘদিন ধরে রাজধানীতে অবস্থান করছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো। স্বভাব-চরিত্রে সে ছিলো শান্ত ও ভদ্র। বৃহস্পতিবার দুপুরের দিকে নানী আসমা বেগম ঘরে ঢুকে সুমাইয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে সুমাইয়া আত্মহত্যা করেছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে কোনো প্রকার অসংগতি বা অপরাধমূলক কার্যকলাপ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, কিশোরীর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, সুমাইয়া ছিলো মেধাবী ও হাসিখুশি স্বভাবের মেয়ে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন