মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কামরাঙ্গীরচরে শিশু অপহরন , দম্পতি গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন—মো. পারভেজ (২৭) ও তাঁর স্ত্রী কাকলি আক্তার (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির হেফাজত থেকে আব্দুল হাদি নূর নামে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ-কাকলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতেই শিশুটি ছিল।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। একই বাসার একটি কক্ষে সাবলেট হিসেবে পারভেজ ও কাকলি থাকতেন।

গত ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে আবু সায়েমের স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় ওই দম্পতি অজ্ঞাত আরও দু-তিনজনের সহায়তায় তাঁদের চার বছর বয়সী ছেলে আব্দুল হাদি নূরকে অপহরণ করে। পরে অপহরণকারীরা ‘ইমো’ অ্যাপের মাধ্যমে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটিকে ফেরত পাওয়ার আশায় প্রথমে তাঁরা অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। এরপরও মুক্তিপণ দাবি অব্যাহত রাখে অপহরণকারীরা।

এ ঘটনায় শিশুটির বাবা আবু সায়েম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন।

পরে লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপকমিশনার (অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন