সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ল বসতঘর ও দোকান

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাত ২ টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুছা মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই বাড়ীর অনিল শীলের ঘরে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশে পাশের লোকজন ছুটে এসে চেস্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিযন্ত্রণে এনে পাশ্ববর্তী বেশকিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।  তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই অনিল শীলের তিন ছেলে বিশ্বনাথ শীল, আশিষ শীল ও রাজিব শীলসহ তিন জনের একটি আধাপাকা এবং টিন ও বেরা নির্মিত মোট ৯টি কক্ষ ও ঘরে রক্ষিত তিন পরিবারের শিক্ষার্থীদের বইপত্র, মূল্যবান আসবাবপত্রসহ সমস্ত কিছু পুড়ে যায় ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৫/২০ লক্ষাধীক টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বর্তমানে তিন পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় ইউপি সদস্য মো.মুছা প্রকাশ মুছা মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে পনের কেজি করে চাল, প্রয়োজনীয় সাংসারিক সরঞ্জামাদি দেয়া হয়েছে। এছাড়াও এলাকার সকলে তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার কলেজ গেইট এলাকায় হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সীমানা প্রাচীরের সাথে লাগানো চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশের এফ এ মেডিসিন নামক বন্ধ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দোকানের সাটারের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জানতে প্রতিষ্ঠানে স্বত্বাধিকারী ফরহাদ আহমেদ বাবুর (০১৮১৮৬৭৩৮৯৪) মুঠোফোনে রিং দিলেও তিনি রিসিভ না করায় মন্তব্য জানা যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে  এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
শেয়ার করুন