এম মনির চৌধুরী রানা, (চট্টগ্রাম প্রতিনিধি):
বোয়ালখালীর চরণদ্বীপে দিনদুপুরে প্রবাসী মোহাম্মদ আক্কাছের বসতঘরে চুরির ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর আগে ১৫ অক্টোবর দুপুরে উপজেলার মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী ফয়েজ আলীর বাড়ির প্রবাসী মো. আক্কাছের বসতঘরে চুরির ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী সাবিনা আকতার বলেন, গত বৃহস্পতিবার সকালে পরিবারের অন্যরা ডাক্তার দেখাতে শহরে গিয়েছিলেন। এর মধ্যে আমি দুপুর ১২টার দিকে ঘরে তালা দিয়ে ব্যাংকের কাজে উপজেলা সদরে গিয়েছিলাম। দুপুর পৌনে ৩টার দিকে ঘরে ফিরে দেখি ঘরের মূল গেটে তালা ঠিক থাকলেও ভিতরের গ্রিলের তালা নেই এবং ভিতর থেকে দরজা আটকানো। ঘরের পেছনের দরজা খোলা। চোরের দল আলমারির লক ভেঙে নগদ ৫৬ হাজার টাকা, ১৪ লাখ টাকা মূল্যের প্রায় সাত ভরি স্বর্ণের গয়না এবং ৩০ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইলফোন ও একটি ট্যাব নিয়ে গেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। চোর শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।





