রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জামালপুরের বকশীগঞ্জে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এদিন দুপুরে এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি জমা দেন।

বিক্ষোভ মিছিলে উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল আলম রঞ্জু, জাগিরপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবি জানান। একই সঙ্গে ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

শেয়ার করুন