মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী বোর্ডে এইচএসসি পাসের হার ৫৯.৪০ শতাংশ

অপু দাস, (রাজশাহী প্রতিনিধি):
সাত বছরের মধ্যে সর্বনিম্ন ফল, মেয়েরা এগিয়ে; ১৮ কলেজে শতভাগ পাস, ৩৫ কলেজে কেউ পাস করেনি। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবার ২০৭টি কেন্দ্রের অধীনে ৭৫০টি কলেজের ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৫৭০ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৩১৭ জন।
ফলাফলে দেখা গেছে, পাস করেছে মোট ৭৭ হাজার ৭৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৫৯ এবং ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৪ হাজার ৪৫৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৬৮২ জন।
অন্যদিকে, ১ বিষয়ে ফেল করেছে ৩২ হাজার ৬৩৮ জন এবং বহিষ্কৃত হয়েছে ১৩ জন। এ বছর রাজশাহী বোর্ডের ১৮টি কলেজে শতভাগ পাস হয়েছে, আর ৩৫টি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
গত বছরের তুলনায় এবার ফলের অবনতি হয়েছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে (অটোপাস) ১০০ শতাংশ, এবং ২০১৯ সালে ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. মুঞ্জুর রহমান খান এবং তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা নাইস প্রমুখ।
শেয়ার করুন