মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে দীর্ঘদিন বন্ধ থাকা সুইচগেইটের নির্মাণ কাজ পুনরায় শুরু  

হাটহাজারী প্রতিনিধি: 
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহামান্য হাইকোর্টে রীট চলমান থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সুইচগেটের নির্মাণ কাজ অবশেষে পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মু.আবদুল্লাহ আল মুমিন গড়দুয়ারা ইউনিয়নের ঘটনাস্থলে গিয়ে কাজটি শুরু করার অনুমতি দেন।
একইদিন বেলা এগারটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনের মধ্যস্ততায় বিবাদমান পক্ষসমূহ রীটকারী এবং পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসীর প্রতিনিধিদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগেও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর নেতৃত্বে বিভিন্ন স্থানে একাধিকবার বৈঠক হয়েছিলো। যার ফলে দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে জায়গার মালিক রীটকারীকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার শর্তে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। এসময় রীটকারী রফিক,পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, সংশ্লিষ্ট ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সুইচগেট নির্মাণ কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান।
প্রসংগত,২০২২ সালের জানুয়ারি মাসে হালদা বেড়িবাঁধসংলগ্ন চেংখালীখালের সুইচগেটের মাঝখানের মাটি ধসে পড়ে সুইচগেটটি পানিতে তলিয়ে যায়। এতে উপজেলার মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৮০ সালের দিকে স্থাপিত উপজেলার গড়দুয়ারা ও রাউজান উপজেলার পশ্চিম গহিরা অংকুরিঘোনা বেড়িবাঁধ সড়ক দিয়ে সুইচগেট হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে যাওয়ার সহজ মাধ্যম ছিল। যেখান থেকে উপজেলা সদরে যাতায়াতের পথও ছিল সহজ। ওই বেড়িবাঁধ ও সুইচগেট ভেঙে হালদার শাখা খাল চেংখালী খালে তলিয়ে যাওয়ায় ওই সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।
শেয়ার করুন