মোহাম্মদ গোলাম মোস্তফা :
“তারুণ্যের ভাবনা, আগামীর বকশীগঞ্জ” স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. শাহজাহান শাওন। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীসহ বকশীগঞ্জের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় আলোচনার শুরুতে প্রায়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে স্মরণ করে শাহজাহান শাওন বলেন,“বিগত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা তার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বকশীগঞ্জের তরুণ সমাজ অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।”তিনি বলেন, ইউনিয়ন পরিষদগুলোতে যে ব্যাপক দুর্নীতি চলছে, তরুণ প্রজন্মকে সেটি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এছাড়া দেশের নদীগুলো আজ অবৈধ বালু উত্তোলনের কারণে ধ্বংসের মুখে পড়েছে।“বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু কিছু কুচক্রী মহল নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও নদী দুটোকেই ধ্বংস করছে। আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।
শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,“বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাব এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করব। শিক্ষার পরিবেশ পুনর্গঠনে ছাত্রদল তরুণ সমাজকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে।” তিনি আরও বলেন,“বিগত সরকারের সময় বকশীগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা চাই, বকশীগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে।” কৃষকদের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান শাওন বলেন,“আমাদের কৃষকরা দেশের প্রাণ। কিন্তু আজ তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। আমরা কৃষকদের পাশে থাকব—ফসল উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত তাদের সহায়তায় কাজ করব।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা এম. রশিদুজ্জামান মিল্লাত ভাই ঘোষণা দিয়েছেন—বকশীগঞ্জে বিভিন্ন ধরনের মিল ও কারখানা স্থাপন করা হবে, যাতে স্থানীয় যুবকদের কর্মসংস্থান তৈরি হয়।” স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “বকশীগঞ্জে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও এখানে উন্নত চিকিৎসা পাওয়া যায় না। আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির প্রয়োজন। ভবিষ্যতে এখানে ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে।” আগামী নির্বাচন প্রসঙ্গে ছাত্রদল নেতা বলেন,“আমাদের প্রিয় নেতা এম. রশিদুজ্জামান মিল্লাত ভাইকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে। তিনি নির্বাচিত হলে মন্ত্রী হয়ে বকশীগঞ্জের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।” সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহজাহান শাওন। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।





