বাংলার চোখ নিউজ :
ফুসফুসের ক্ষতির কথা উঠলেই প্রথমে ধূমপানের বিষয়টি সামনে আসে। সিগারেটের ধোঁয়া ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর, এ বিষয়ে সন্দেহ নেই। তবে শুধু ধূমপানই নয়, প্রতিদিনের জীবনযাত্রা ও আশপাশের পরিবেশের নানা উপাদানও নীরবে ফুসফুসের ক্ষতি করতে পারে। এমনকি দীর্ঘদিন এসব ক্ষতিকর উপাদানের সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, দূষিত বাতাস, ক্ষতিকর রাসায়নিক ও ধোঁয়ার সংস্পর্শে দীর্ঘদিন থাকলে ফুসফুসে প্রদাহ তৈরি হতে পারে। পাশাপাশি কোষের স্বাভাবিক কার্যক্রমেও পরিবর্তন আসতে পারে। তাই ধূমপান না করলেও ফুসফুসের সুরক্ষায় সচেতন থাকা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, ধূমপান ছাড়াও কোন পাঁচটি কারণে ফুসফুসের ক্ষতি হতে পারে।
১. রাস্তার ধুলাবালি ও নির্মাণকাজের দূষণ
২. পরোক্ষ ধূমপানও সমান উদ্বেগের বিষয়
নিজে ধূমপান না করলেই যে সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা যাবে, তা নয়। আশপাশের মানুষের সিগারেটের ধোঁয়াও অধূমপায়ীদের শরীরে প্রবেশ করে। একে পরোক্ষ ধূমপান বা সেকেন্ডহ্যান্ড স্মোকিং বলা হয়। বাসা, অফিস কিংবা গণপরিবহনে নিয়মিত এমন ধোঁয়ার সংস্পর্শে থাকলে ফুসফুসের নানা রোগের পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বেড়ে যায়।
৩. রান্নার ধোঁয়াও হতে পারে ফুসফুসের শত্রু
রান্নার সময় তৈরি হওয়া ধোঁয়া ফুসফুসের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে কাঠ, কয়লা, শুকনো পাতা কিংবা গোবরের ঘুঁটে পুড়িয়ে রান্না করলে বাতাসে বিষাক্ত গ্যাস ও ক্ষুদ্র কণা ছড়িয়ে পড়ে। পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে এসব দূষিত উপাদান ঘরের ভেতর জমে থাকে। দীর্ঘদিন এমন পরিবেশে রান্না করলে বিশেষ করে নারী ও শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে।
৪. ঘর পরিষ্কারের রাসায়নিক থেকেও সতর্ক থাকুন
ঘরবাড়ি পরিষ্কার রাখতে ব্লিচ, জীবাণুনাশক, ফ্লোর ক্লিনার ও বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করেন অনেকে। এসব পণ্য থেকে নির্গত রাসায়নিক বাষ্প শ্বাসনালিতে জ্বালাপোড়া ও অস্বস্তি তৈরি করতে পারে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, ব্লিচের সঙ্গে অ্যামোনিয়া বা অ্যাসিডযুক্ত ক্লিনার মেশালে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। এসব গ্যাস শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই পরিষ্কারের সময় ঘরের জানালা খোলা রাখা এবং কখনোই একাধিক রাসায়নিক পরিষ্কারক একসঙ্গে মেশানো উচিত নয়।
৫. মশার কয়েল ও ধূপের ধোঁয়া
ঘরের ভেতরের দূষণের অন্যতম উৎস হতে পারে মশার কয়েল ও ধূপ। মশা তাড়াতে কিংবা সুগন্ধ ছড়াতে অনেকেই নিয়মিত এসব ব্যবহার করেন। কিন্তু এগুলো পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়া, সূক্ষ্ম কণা ও বিভিন্ন রাসায়নিক উপাদান ছড়িয়ে পড়ে। বিশেষ করে বন্ধ ঘরে দীর্ঘক্ষণ এসব ধোঁয়ার মধ্যে থাকলে কাশি, শ্বাসনালিতে জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরের ভেতরে এসব ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
যেভাবে ভালো রাখবেন ফুসফুস
ফুসফুস সুস্থ রাখতে দৈনন্দিন জীবনযাত্রায় কিছু অভ্যাস পরিবর্তন করা জরুরি। ধূমপান ও পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকতে হবে। রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে চিমনি বা এগজস্ট ফ্যান ব্যবহার করা যেতে পারে। ধুলাবালি ও রাসায়নিকের সংস্পর্শে আসতে হয় এমন কাজে মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার করা উচিত।
এছাড়া ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনে ধোঁয়া তৈরি করে এমন উপাদানের ব্যবহার কমানো প্রয়োজন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘদিন কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশির সঙ্গে রক্ত পড়া কিংবা অকারণে দ্রুত ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা করা ঠিক নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সময়মতো রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রেই জটিলতা মোকাবিলা করা সহজ হয়।




