বাংলার চোখ নিউজ :
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে চাঁদ ট্রাভেলস নামে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত পল্টন টাওয়ারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন তিনি।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিবাসন খাতে প্রতারণা বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে যারা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত হওয়া যাবে না। মন্ত্রণালয় ও বিএমইটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসন খাতে প্রতারক চক্র নির্মূল এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




