সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

বাংলার চোখ নিউজ :

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ৩-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে কাতালানরা। দলের এমন লড়াকু মানসিকতায় মুগ্ধ কোচ হান্সি ফ্লিক। তবে জয়ের আনন্দের মাঝেও রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জার্মান এই কোচ।

ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না স্বাগতিকদের। সপ্তম মিনিটের আগেই দুই গোল হজম করে বার্সেলোনা। ফের্মিন লোপেসের ভুল পাস কাজে লাগিয়ে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন কানাডার ফরোয়ার্ড তাজন বুকানন। এরপর সপ্তম মিনিটে এরিক গার্সিয়াকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুওয়াসেয়ি।

বিরতির পর অবশ্য পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ৫৭ থেকে ৬৭ মিনিটের মধ্যে তিন গোল করে জয় নিশ্চিত করে বার্সেলোনা। পেদ্রির ক্রস থেকে হেডে প্রথম গোলটি করেন জেরার্দ মার্তিন। এরপর ৬১ মিনিটে পেদ্রি, রাফিনিয়া ও ইয়ামালের সম্মিলিত আক্রমণ থেকে ব্যবধান সমান করেন ফের্মিন লোপেস। ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই এগিয়ে যায় বার্সেলোনা। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো।

ফ্লিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে পিছিয়ে পড়েও এটি বার্সেলোনার ২৪তম জয়। এর মধ্যে অন্তত দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ জয়ের ঘটনা ঘটল ছয়বার।

ম্যাচ শেষে দলের ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেন ফ্লিক। তার মতে, শুরুতে কিছু ভুলের কারণে পিছিয়ে পড়লেও খেলোয়াড়দের প্রতিক্রিয়া ছিল অসাধারণ। প্রথমার্ধেই একাধিক সুযোগ তৈরি করেছিল দল। বিরতির পর খেলার কাঠামোয় পরিবর্তন এনে আরও গোছানো ফুটবল খেলেছে তারা। মাত্র ১০ মিনিটে তিন গোল করাকে অসাধারণ উল্লেখ করে ভিয়ারিয়ালের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়কে বিশেষ বলে অভিহিত করেন তিনি।

তবে রেফারি আলেজান্দ্রো হার্নান্দেসের সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন বার্সা কোচ। বিশেষ করে ভিএআর দেখে পেনাল্টি দেওয়া এবং বদলি হয়ে মাঠ ছাড়ার পর চতুর্থ রেফারির সঙ্গে কথা বলায় ফের্মিন লোপেসকে লাল কার্ড দেখানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফ্লিকের অভিযোগ, মাঠের কর্মকর্তারা বার্সেলোনার প্রতি যথেষ্ট কঠোর আচরণ করেছেন। অন্য রেফারিদের নিয়ে সন্তুষ্ট থাকলেও হার্নান্দেসের সিদ্ধান্তে তার আপত্তি রয়েছে। তার মতে, খেলোয়াড়দের সঙ্গে কথা বলে সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া যেত। কিন্তু কর্মকর্তারা সেটি করেননি।

 

আরও পড়ুন

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

 

দলের পারফরম্যান্সে বিশেষভাবে পেদ্রির প্রশংসা করেছেন ফ্লিক। মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং খেলার গতি নির্ধারণে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বার্সা কোচ। নিজের স্বাভাবিক পজিশনের বাইরে খেলেও ফ্রেংকি ডি ইয়ং ভালো করেছেন বলে জানান তিনি। পাশাপাশি জেরার্দ মার্তিনের পারফরম্যান্সেও সন্তুষ্ট ফ্লিক।

এদিকে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সাবাহর বিপক্ষে খেলতে আজারবাইজানের বাকুতে যাবে বার্সেলোনা। তার আগে ইয়ামালের পেনাল্টি ব্যর্থতা নিয়েও ভাবছেন কোচ। প্রয়োজনে স্পট কিকের দায়িত্বে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ বিষয়ে রাফিনিয়া ও ইয়ামালের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ফ্লিক।

শেয়ার করুন