সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউটিউব-চ্যাটজিপিটি থেকে ইয়াবা তৈরির কৌশল শেখেন আকিব

বাংলার চোখ নিউজ :

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশ (সিএমপি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সিএমপি জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটাসংলগ্ন সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মোবাইল টিমের সদস্যরা ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আকিবকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান।

এরপর চান্দগাঁও থানা পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়। সেখানে তার দেখানো মতে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়। মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মতে, জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলেও তিনি জানিয়েছেন।

এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এমআরএএইচ/ইএ

শেয়ার করুন