বাংলার চোখ নিউজ :
বিশ্ববাজারে স্বর্ণের দাম গত এক সপ্তাহে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে। রয়টার্স বলছে, এটি শেষ আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের সীমার কাছাকাছি পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সীমা ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে।
এফএক্সএমপায়ারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর বাড়ার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। এ ছাড়া ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে।
আগের সর্বোচ্চ দামে ফিরতে লাগতে পারে ৬-৮ বছর
লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় নিয়েছে।
১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ দামে ফিরতে প্রায় ১০ বছর লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লাগে ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে। এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।





