সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এআইয়ের ওপর নির্ভর করে বিচারকদের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

বাংলার চোখ নিউজ :

বিচারিক কাজে প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে পারবেন বিচারকরা। তবে, রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তিনি বলেন, রায়ের অপারেটিভ অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজের হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভাগের ১১ জেলার বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন। প্রধান বিচারপতি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারিক দক্ষতা বৃদ্ধি, সময়ের যথাযথ ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এআই ব্যবহারের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য ও আইনগত রেফারেন্স অনুসন্ধানে বিচারকরা এআইয়ের সহায়তা নিতে পারবেন। তবে, রায় লেখা বা প্রস্তুতের ক্ষেত্রে এর ওপর নির্ভর করা যাবে না। রায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তমূলক অংশ বিচারককে নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

বিচারিক কার্যক্রম আরও বিশেষায়িত ও কার্যকর করতে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি জানান, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।

এর পাশাপাশি তিনি আরও জানান, বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে দেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে। মামলা ও আদালত ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে বিচারকাজ পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারকদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া প্রত্যেক জেলা আদালতে বিচারপ্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু এজলাসের মধ্যে সীমাবদ্ধ নয়। আদালতের বাইরেও তার আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্ব দেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনাও দেন। আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অকারণে দীর্ঘ সময় নিয়ে শুনানি করার প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।

তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।

অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টের চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তব্য দেন।

এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুন