বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৫৪৪

বাংলার চোখ নিউজ :

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে গত রোববার থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত টানা ৭২ ঘণ্টা জেলার সবকটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি মাঠপর্যায়ে অংশ নেন।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্র জানায়, আটক ৫৪৪ জনের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৩৪১ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বয়স ও সার্বিক দিক বিবেচনায় ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সি কিশোররা যেন বিপথগামী হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং তাদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যেই এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

শেয়ার করুন