বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৮০০ টাকায় শোনা যাবে হাবিব-ফুয়াদের গান, পাওয়া যাচ্ছে টিকিট

বাংলার চোখ নিউজ :

হাবিব ওয়াহিদ বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। অন্যদিকে ফুয়াদ আল মুক্তাদিরের ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের সংগীতেও রয়েছে নিজস্ব স্বাদ ও বৈচিত্র্য। তরুণ প্রজন্মের কাছেও দুই তারকা হাবিব ও ফুয়াদের সংগীতের জনপ্রিয়তা তুঙ্গে। দুজন একসঙ্গে আগে বেশ কিছু কাজ করেছেন।

তবে বেশ লম্বা বিরতির পর তাদের দেখা যাবে একই মঞ্চে।

ফ্যাশন আর সংগীতের মেলবন্ধনে আয়োজিত হতে যাচ্ছে ‘আরকা ফ্যাশন উইক ২০২৬’। এই আয়োজনের প্রথম দিনেই একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। আয়োজকদের প্রত্যাশা, দুই জনপ্রিয় সংগীতশিল্পীর পরিবেশনায় দর্শকদের জন্য তৈরি হবে স্মরণীয় এক সংগীতসন্ধ্যা।

আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘আরকা ফ্যাশন উইক ২০২৬’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনের প্রথম দিন মঞ্চ মাতাবেন হাবিব ওয়াহিদ ও ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।

আয়োজকদের ঘোষণায় আরও জানানো হয়েছে, অনুষ্ঠানটির টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহীরা আরকার পেজে গিয়ে টিকিট সংগ্রহ করার ঠিকানা পাবেন। সেখান থেকে টিকিট কিনে অংশ নিতে পারবেন এই আয়োজনের প্রথম দিনের সংগীতপর্বে।

শেয়ার করুন