মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় ফরাসি সপ্তাহ উদযাপন করবে ফ্রান্স দূতাবাস

বাংলার চোখ নিউজ :

ঢাকায় ফ্রান্স দূতাবাস আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী ‘সেমেইন ফ্রঁসেজ’ বা ফরাসি সপ্তাহ উদযাপনের আয়োজন করেছে। ফরাসি লেখক, বুদ্ধিজীবী এবং দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আন্দ্রে মালরোর ৫০তম মৃত্যু বার্ষিকী স্মরণে এই আয়োজন করা হচ্ছে।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানে আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরাসি সংস্কৃতি, শিল্পকলা, খাদ্যসংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হবে। একই সঙ্গে ফ্রান্স ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আন্দ্রে মালরোর অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। ফ্রান্সের রাষ্ট্রদূতের বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে

সপ্তাহব্যাপী এই আয়োজনের ঘোষণা দিয়ে রাষ্ট্রদূত বলেন, মালরোর ৫০তম মৃত্যু বার্ষিকী তার কর্ম ও আদর্শকে নতুন করে স্মরণ করার এবং স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদযাপনের একটি সুযোগ তৈরি করেছে।

সপ্তাহব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ হবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আন্দ্রে মালরো মেমোরি ওয়াল’ বা স্মৃতিদেয়াল স্থাপন। বাংলাদেশের প্রতি তার অবদান এবং এ দেশের মানুষের প্রতি তার সংহতির স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আন্দ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এই উদ্যোগগুলো দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের স্থায়ী প্রতীক হয়ে থাকবে।

সপ্তাহব্যাপী কর্মসূচিতে আর্টিস্ট ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনাও থাকবে। এর মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে ফরাসি পরিবেশনাশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হবে।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করবে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। এই উৎসবে বিভিন্ন আলোকচিত্রী তাদের কাজ প্রদর্শনের পাশাপাশি জনপরিসরে ধারণ করা দৈনন্দিন জীবন ও নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরবেন।

এ ছাড়া ফরাসি চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

খাদ্যরসিকদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে ফরাসি খাবার উৎসব। ফরাসি শেফ প্যাট্রিক কানে ফ্রান্সের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি হোটেল ও পর্যটনশিল্পের শিক্ষার্থীদের জন্য তিনি একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

 

শেয়ার করুন