বাংলার চোখ নিউজ :
‘একটি জাতির ইতিহাসে এমন কিছু মানুষ থাকেন, যাদের জীবন ও কর্মের মধ্য দিয়ে সেই জাতির আত্মপরিচয়, সংগ্রাম, আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটে। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী তেমনই একজন ইতিহাসপুরুষ।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এসব কথা লেখেন।
পোস্টে তিনি লেখেন, ‘তিনি কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না; ছিলেন ঔপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদী আধিপত্য, অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে একটি দীর্ঘ সংগ্রামের প্রতীক। তার জীবনকে পাঠ করলে আমাদের সামনে স্বাধীন বাংলাদেশের জন্ম-ইতিহাসের পাশাপাশি স্বাধীনতার অন্তর্নিহিত তাৎপর্যও উন্মোচিত হয়।’
‘মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সূচনা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে। আসামের কৃষক আন্দোলন, জমিদারি শোষণবিরোধী সংগ্রাম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি গণমানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন তিনি উপলব্ধি করলেন, নতুন রাষ্ট্রের শাসনব্যবস্থায় পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার ক্রমাগত উপেক্ষিত হচ্ছে, তখন তিনি সেই শাসনব্যবস্থার বিরুদ্ধেই সোচ্চার হলেন।’
তিনি লেখেন, ‘১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তার ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর প্রতি একটি সুদূরপ্রসারী রাজনৈতিক বার্তা। এর মধ্য দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, বৈষম্য ও আধিপত্যের ভিত্তিতে কোনো রাষ্ট্রীয় ঐক্য টিকিয়ে রাখা সম্ভব নয়। একটি জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক ন্যায্যতা ও সাংস্কৃতিক মর্যাদা নিশ্চিত না করে রাষ্ট্রীয় সংহতির দাবি অর্থহীন।’
‘বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম পর্যন্ত মাওলানা ভাসানীর ভূমিকা তাই বিশেষভাবে স্মরণযোগ্য। তিনি উপলব্ধি করেছিলেন, পূর্ব বাংলার মানুষের মুক্তির প্রশ্নটি কেবল ক্ষমতার অংশীদারত্বের প্রশ্ন নয়; এটি আত্মনিয়ন্ত্রণ, আত্মমর্যাদা ও নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন।’
মামুনুল হক লেখেন, ‘তবে আমার বিবেচনায়, মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকগুলোর একটি হলো স্বাধীনতার প্রশ্নকে তিনি কেবল রাজনৈতিক ভূখণ্ডের মুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি বুঝেছিলেন, একটি ভূখণ্ড স্বাধীন হলেই সেই ভূখণ্ডের মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত হয়ে যায় না। স্বাধীনতার পরও যদি অর্থনৈতিক শোষণ অব্যাহত থাকে, সম্পদের ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে বহিঃশক্তির প্রভাব থাকে এবং জাতীয় স্বার্থ অন্যের স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়ে, তাহলে সেই স্বাধীনতা পূর্ণতা লাভ করতে পারে না।’
‘১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা লংমার্চ ছিল এই রাজনৈতিক দর্শনের এক ঐতিহাসিক বহিঃপ্রকাশ। বাংলাদেশের স্বাধীনতার মাত্র পাঁচ বছর পরই মাওলানা ভাসানী উপলব্ধি করেছিলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শেষ হয়ে যায়নি। ভারতের ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার পানির একতরফা প্রত্যাহার বাংলাদেশের নদ-নদী, কৃষি, পরিবেশ ও জনজীবনের জন্য যে গভীর সংকট তৈরি করছিল, তার বিরুদ্ধে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন।’
তিনি লেখেন, ‘৯৬ বছর বয়সী এই প্রবীণ নেতা তখন অসুস্থতাকেও উপেক্ষা করে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত অভিমুখে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন। তার আহ্বানে লাখো মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। এটি নিছক একটি বাঁধবিরোধী কর্মসূচি ছিল না; ছিল একটি স্বাধীন দেশের পানির ন্যায্য হিস্যার দাবিতে জনগণের ঐতিহাসিক জাগরণ। তিনি আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রশ্নটি তুলে ধরেছিলেন।’
‘ফারাক্কা লংমার্চের ঐতিহাসিক গুরুত্ব এখানেই যে, এটি বাংলাদেশের পানি সমস্যাকে আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে আসে। পরবর্তী সময়ে জাতিসংঘে বিষয়টি উত্থাপন এবং ১৯৭৭ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পাদনের ধারাবাহিকতায় এই আন্দোলনের ভূমিকা বিশেষভাবে আলোচিত। মাওলানা ভাসানী বুঝেছিলেন, অভিন্ন নদীর পানির প্রশ্ন কেবল কোনো কারিগরি বা কূটনৈতিক বিষয় নয়; এটি একটি দেশের কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ, অর্থনীতি এবং সর্বোপরি জনগণের জীবন-মরণের প্রশ্ন।’
তিনি আরও লেখেন, ‘আজ ২০২৬ সালে দাঁড়িয়ে ফারাক্কা লংমার্চের সেই ইতিহাস আমাদের জন্য নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। অর্থাৎ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর সময়েই আমরা গঙ্গার পানি বণ্টনের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।’
‘বর্তমান চুক্তি অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ দশ দিনভিত্তিক হিসাবের মাধ্যমে দুই দেশের মধ্যে বণ্টিত হয়। কিন্তু এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য প্রশ্নটি শুধু নতুন একটি চুক্তি স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বরং কীভাবে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত হবে, শুষ্ক মৌসুমে পানিপ্রবাহের নিশ্চয়তা থাকবে, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য বণ্টনের একটি টেকসই ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে—সেসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
তিনি লেখেন, ‘আমাদের মনে রাখতে হবে, নদী কোনো একক রাষ্ট্রের সৃষ্টি নয়। অভিন্ন নদীর উজান ও ভাটির দেশগুলোর মধ্যে পারস্পরিক ন্যায়বিচার, সহযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে পানির ব্যবহার নিশ্চিত হওয়া প্রয়োজন। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও অর্থনীতি নদীর পানিপ্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতএব পানির ন্যায্য হিস্যা কোনো অনুগ্রহের বিষয় নয়; এটি বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার।’
‘মাওলানা ভাসানীর জীবন থেকে আমাদের এই শিক্ষাই গ্রহণ করতে হবে যে, জাতীয় সার্বভৌমত্ব শুধু মানচিত্রের সীমানা রক্ষা করার নাম নয়। জাতীয় সম্পদ, পানি, অর্থনীতি, সংস্কৃতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা রক্ষাও সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক অবশ্যই কাম্য। কিন্তু সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা, ন্যায্যতা ও সমঅধিকারের ভিত্তিতে। বন্ধুত্বের অর্থ কখনো নিজের ন্যায্য অধিকার বিসর্জন দেওয়া হতে পারে না।’
পোস্টে তিনি লেখেন, ‘আমাদের দুর্ভাগ্য, আমরা অনেক সময় জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্মরণ করি, কিন্তু তাদের রেখে যাওয়া রাজনৈতিক শিক্ষা ও দায়িত্বগুলো যথাযথভাবে ধারণ করতে পারি না। মাওলানা ভাসানীকে স্মরণ করার প্রকৃত তাৎপর্য কেবল তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার আদর্শ, সংগ্রাম ও রাজনৈতিক দূরদর্শিতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করার মধ্যেই নিহিত।’
‘একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ছিল মাওলানা ভাসানীর রাজনীতির অন্যতম প্রধান প্রেরণা। তিনি এমন একটি রাষ্ট্র চেয়েছিলেন, যেখানে সাধারণ মানুষ শোষণমুক্ত জীবন পাবে, রাষ্ট্রীয় সম্পদের ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং কোনো বিদেশি শক্তির আধিপত্যের কাছে জাতীয় স্বার্থ জিম্মি থাকবে না।’
তিনি লেখেন, ‘মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০ বছর পর তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা তার জীবনের নেক আমলগুলো কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’





