বাংলার চোখ নিউজ :
তীব্র রাগ, ভয় কিংবা মানসিক চাপ শুধু মনেই প্রভাব ফেলে না, এর প্রভাব পড়ে হৃদযন্ত্রের ওপরও। দীর্ঘস্থায়ী মানসিক চাপের পাশাপাশি হঠাৎ উত্তেজনা বা রাগের কারণেও বেড়ে যেতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি। বিশেষ করে আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি।
বিশ্বের ৫২টি দেশের মানুষের ওপর পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিনের মানসিক চাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, আরেক গবেষণায় তীব্র রাগের পরবর্তী দুই ঘণ্টায় হার্ট অ্যাটাকসহ গুরুতর হৃদ্রোগের আশঙ্কা বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।
মানসিক চাপে শরীরে কী ঘটে
এ ছাড়া তীব্র মানসিক চাপের সময় রক্তনালিতে জমে থাকা চর্বির আবরণ ফেটে যেতে পারে। এতে সেখানে রক্ত জমাট বেঁধে রক্তপ্রবাহ বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে ঘটতে পারে হার্ট অ্যাটাক।
গবেষণায় মিলেছে প্রমাণ
২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ চলাকালে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, দেশটির জাতীয় দলের খেলার দিনগুলোতে হৃদ্যন্ত্রের জরুরি সমস্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছিল। পুরুষদের ক্ষেত্রে এ ধরনের সমস্যার হার স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ ছিল।
বিশেষ করে আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঝুঁকি বেশি দেখা যায়। খেলার উত্তেজনা ও মানসিক চাপকে এ পরিস্থিতির অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করেন গবেষকেরা।
যাদের ঝুঁকি বেশি
সবার ক্ষেত্রে মানসিক চাপের প্রভাব এক রকম নয়। যাদের আগে থেকেই হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাঁদের সতর্ক থাকা জরুরি।
বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, অতিরিক্ত ওজন কিংবা ধূমপানের অভ্যাস থাকলে ঝুঁকি বাড়তে পারে। আগে হার্ট অ্যাটাক হয়েছে অথবা পরিবারের সদস্যদের মধ্যে অল্প বয়সে হৃদ্রোগের ইতিহাস থাকলেও সতর্ক থাকতে হবে।
অনেকের ক্ষেত্রে করোনারি ধমনিতে রোগ থাকলেও প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখা যায় না। এমন পরিস্থিতিতে তীব্র মানসিক চাপ হৃদ্যন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ছাড়া দীর্ঘদিনের উদ্বেগ, বিষণ্নতা ও ঘুমের ঘাটতিও হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে।
ব্রোকেন হার্ট সিনড্রোম
প্রিয়জনের মৃত্যু, সম্পর্কের বিচ্ছেদ কিংবা আকস্মিক কোনো দুঃসংবাদে তীব্র মানসিক আঘাতের পর দেখা দিতে পারে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি।
এতে হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তবে সাধারণ হার্ট অ্যাটাকের মতো হৃদযন্ত্রের রক্তনালিতে বড় ধরনের বাধা থাকে না। বরং হৃদযন্ত্রের পাম্প করার ক্ষমতা সাময়িকভাবে কমে যায়।
অধিকাংশ রোগী যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। তবে এ সমস্যাও গুরুতর জটিলতা তৈরি করতে পারে। তাই লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়।
যেভাবে হৃদযন্ত্র সুরক্ষিত রাখবেন
মানসিক চাপ ও রাগ নিয়ন্ত্রণে রাখার অভ্যাস হৃদ্যন্ত্রের সুরক্ষায় সহায়ক হতে পারে। উত্তেজিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ বিরতি নেওয়া, ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করা প্রয়োজন। দীর্ঘদিনের উদ্বেগ বা বিষণ্নতা দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা জরুরি।
এ ছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া হৃদ্রোগের ওষুধ বন্ধ করা উচিত নয়।
যেসব লক্ষণে দ্রুত হাসপাতালে যাবেন
তীব্র রাগ বা মানসিক চাপের পর বুকে ব্যথা কিংবা চাপ অনুভব, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব দেখা দিলে সতর্ক হতে হবে। একই সঙ্গে হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়লেও হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকতে পারে।
বিশেষ করে বুকে চাপধরা অস্বস্তি স্থায়ী হলে অপেক্ষা না করে জরুরি চিকিৎসা নিতে হবে। বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে— এমন ধারণা করে সময় নষ্ট করা বিপজ্জনক হতে পারে।





