বাংলার চোখ নিউজ :
চারপাশে জনবসতি। সড়কে যানবাহনের শব্দ, দোকানপাটের ব্যস্ততা, মানুষের আনাগোনা—সবই আছে। শুধু ব্যতিক্রম একটি বাড়ি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে বাড়িটির ওপরের তলাগুলো পড়ে আছে জনশূন্য। সন্ধ্যা নামলে আশপাশের বাড়িঘরে আলো জ্বললেও অন্ধকারে ডুবে থাকে এটি। জানালা-বারান্দায় দেখা মেলে না কারও। নেই মানুষের কোলাহল, নেই বসবাসের চেনা কোনো চিহ্ন। বাইরে জমেছে ধুলাবালি, মাকড়সার জাল আর ময়লা-আবর্জনা। দিনের আলোয় বাড়িটি যেমন নীরব, রাতের অন্ধকারে যেন আরও রহস্যময়। স্থানীয়দের মুখে মুখে বাড়িটির নাম ‘ভূতের বাড়ি’।
রাজধানীর লালবাগ রোডের ২৩ নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লার ২১২/৪-জে নম্বরের তিনতলা বাড়িটি ঘিরে এমন রহস্যের গল্প প্রায় তিন দশকের। বাড়ির মালিক ওয়াহিদুর রহমান। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে বাড়িটির ওপরের অংশে নিয়মিত মানুষের বসবাস নেই। মাঝেমধ্যে ভাড়াটিয়া এলেও বেশিদিন থাকেন না বলে প্রচলিত রয়েছে। কেউ কেউ বাড়িটি নিয়ে জিন-ভূতের গল্পও শোনান। তবে এসব কথার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। বাড়ির মালিকপক্ষের বক্তব্য অবশ্য ভিন্ন। তাদের দাবি, কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, ব্যবসায়িক প্রয়োজনে দীর্ঘদিন ধরে বাড়িটি গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, লালবাগ রোডের পিলখানা মহল্লার ব্যস্ত এলাকার মধ্যেই বাড়িটির অবস্থান। চারপাশে মানুষের চলাচল থাকলেও বাড়িটির ওপরের তলাগুলোতে যেন নেমে এসেছে অদ্ভুত নীরবতা। মূল ফটকে টোকা দিলে বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে আসেন। তিনি জানান, বাড়িতে আপাতত কেউ নেই। এ সময় বাড়ির ওপরের অংশ ভাড়া দেওয়া হবে জানিয়ে লাগানো একটি ব্যানারে থাকা নম্বরে ফোনে যোগাযোগ করা হয়।
২০০০ সালের পর বদলে যায় বাড়ির চিত্র
বাড়িটির অতীত ঘেঁটে জানা যায়, প্রায় ৪০ বছর আগে লুৎফর রহমান এটি নির্মাণ করেন। তিনি পরিবার নিয়ে বাড়িটিতে বসবাস করতেন। তার ছেলে বর্তমান মালিক ওয়াহিদুর রহমান। ২০০০ সাল পর্যন্ত লুৎফর রহমান পরিবার নিয়ে এখানেই থাকতেন। তার মৃত্যুর পর থেকে বাড়িটি মূলত মার্বেল পাথর ও টাইলসের ব্যবসার গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বাড়ির মালিকের কোম্পানির ম্যানেজার আসাদুজ্জামান নয়ন ফোনে যুগান্তরকে বলেন, বাড়িটির বয়স অন্তত ৪০ বছর। তিনি ২০১০ সাল থেকে কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত এবং ওই বছর থেকেই পরিবার নিয়ে ভবনটির নিচতলায় বসবাস করছেন। দীর্ঘদিন ধরে ওপরের অংশে মানুষের বসবাস না থাকায় এলাকাবাসীর কাছে বাড়িটি ভূতের বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে। তবে বাস্তবে ভূত বা জিনের কোনো অস্তিত্ব নেই।
তিনি জানান, বাড়ির মালিক ওয়াহিদুর রহমান বর্তমানে আমেরিকায় থাকেন। লালবাগ এলাকায় তার আরও জায়গাজমি, দোকানপাট ও বাড়িঘর রয়েছে। ব্যবসার গোডাউন হিসেবে ব্যবহারের কারণে এতদিন বাড়িটি আবাসিকভাবে ভাড়া দেওয়ার প্রয়োজন হয়নি।
তবে দীর্ঘদিনের এই নীরবতা ভাঙার পরিকল্পনা করছে মালিকপক্ষ। বর্তমানে বাড়িটি সংস্কার করে আবাসিক, অফিস কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ চাইলে পরিবার নিয়েও বসবাস করতে পারবেন। এ জন্য ২৪ লাখ টাকা অগ্রিম এবং মাসিক আড়াই লাখ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
আসাদুজ্জামান নয়ন বলেন, বাড়িটি দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকায় এবং জরাজীর্ণ ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় মানুষ নানা কথা বলে। জায়গাটি অনেক দামি এবং চাহিদাসম্পন্ন এলাকায়। এ অবস্থায় এত বছর বাড়িটি কেন ভাড়া দেওয়া হয়নি, তা নিয়েও মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। কেউ কেউ মনে করেন, নিশ্চয়ই এখানে ভূত বা জিনের কোনো ব্যাপার আছে। কিন্তু বাস্তবে তেমন কিছুই নেই। 
অন্ধকার বাড়ি ঘিরে স্থানীয়দের মুখে নানা গল্প
বাড়িটির পাশের এলাকার বাসিন্দা মো. মামুনের কাছে এটি নতুন কোনো রহস্য নয়। ছোটবেলা থেকেই বাড়িটিকে প্রায় পরিত্যক্ত অবস্থায় দেখে আসছেন তিনি। তার ভাষায়, বাড়িটির সঙ্গে যেন জড়িয়ে আছে দীর্ঘদিনের নীরবতা। মামুন বলেন, ‘ছোটবেলা থেইকাই এই বাড়িটা এমন অবস্থায় দেখে আসতেছি। এই বাড়িতে কখনো কাউরে থাকতে দেখি নাই। অনেক বছর ধইরাই খালি পইড়া আছে। বাড়িতে মানুষের কোনো আনাগোনা নাই। এ জন্যই হয়তো এলাকার মানুষ বাড়িডারে ভূতের বাড়ি কয়।’
বাবু নামের আরেক যুবকের দাবি, বাড়িটির অন্ধকার পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু রহস্যময় অভিজ্ঞতা। তিনি বলেন, ‘বাড়িটাতে কখনো আলো জ্বলতে দেখি না। সন্ধ্যার পর পুরা বাড়িটাই অন্ধকার থাকে। তবে মাঝেমধ্যে বাড়ি থেইকা ধোঁয়া বাইর হইতে দেখছি। এলাকার মানুষের মুখেও বাড়িডা নিয়া অনেক কথা শুনছি। কেউ কয় রাতে অস্বাভাবিক শব্দ হয়, কেউ কয় ভাড়াটিয়া থাকলেও বেশিদিন থাকতে পারে না।’
তবে বাড়িটি নিয়ে প্রচলিত সব গল্পকে রহস্যের চোখে দেখেন না পাশের দোকানি আব্দুল জলিল। বাড়িটির পাশেই তার দোকান। প্রায় দুই বছর ধরে তিনি ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। বাড়িটির কাছাকাছি অবস্থান করলেও নিজে কোনো অস্বাভাবিক ঘটনা দেখেননি বলে জানান তিনি।
আব্দুল জলিল বলেন, ‘এলাকার সবাই এই বাড়িডারে ভূতের বাড়ি হিসেবেই চেনে। অনেক দিন ধইরা মানুষজন থাকে না, বাড়িডাও অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় পইড়া আছে। এ জন্যই হয়তো মানুষের মনে এমন ধারণা তৈরি হইছে। আমি নিজেও প্রায় দুই বছর ধইরা এই এলাকায় আছি। এখন পর্যন্ত বাড়িতে অস্বাভাবিক কিছু দেখি নাই। তবে আমি আসার আগে থেইকাই এলাকার মানুষ এই বাড়িরে ভূতের বাড়ি কয়।’
তিনি আরও বলেন, ‘মানুষ যদি কোনো কিছু নিয়া একবার বলা শুরু করে, পরে সেই কথাই চারদিকে ছড়ায়। এই বাড়িতেও কোনো ভাড়াটিয়া থাকে না। দীর্ঘদিন খালি পইড়া থাকতে থাকতে একসময় ভূতের বাড়ি নামটা চালু হইয়া গেছে।’
পুরোনো বাসিন্দার স্মৃতিতে বাড়ির অতীত
এলাকার প্রায় ৭০ বছর বয়সি দোকানদার মো. ইসহাকের কাছে বাড়িটির ইতিহাস অজানা নয়। দীর্ঘদিন ধরে একই এলাকায় থাকায় বাড়িটির আগের চেহারা থেকে বর্তমান অবস্থার পরিবর্তন দেখেছেন তিনি। ইসহাক বলেন, ‘এই বাড়িডা লুৎফর রহমানের আছিল। প্রায় ৪০ বছর আগে তিনি বাড়িডা নির্মাণ করেন। ২০০০ সালে তিনি মারা যাওয়ার পর থেইকা বাড়িডা মূলত মার্বেল পাথর আর টাইলসের ব্যবসার গোডাউন হিসেবে ব্যবহার হইতেছে।’
তিনি আরও বলেন, ‘লুৎফর রহমানের জন্ম এই এলাকাতেই। তিনি পরিবার নিয়া এই বাড়িতে থাকতেন। পরে তিনি মারা যাওয়ার পর থেইকা বাড়িডা গোডাউন হিসেবে ব্যবহার করা হইতেছে। আশপাশে এই পরিবারের আরও অনেক বাড়িঘর ও সম্পত্তি আছে। আমি এখন পর্যন্ত এই বাড়িতে কোনো ভাড়াটিয়া আইসা থাকতে দেখি নাই।’
বাড়িটি ঘিরে ভূত-জিনের গল্পের কারণ ব্যাখ্যা করে মো. ইসহাক বলেন, ‘এতদিন ধইরা বাড়িডা ভাড়া দেওয়া হয় না। চারপাশ অন্ধকার থাকে, বাড়িটাও অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় পইড়া আছে। এসব দেইখাই মানুষের মনে ভূত-জিনের বাড়ি বইলা ধারণা তৈরি হইছে। আসলে মানুষ কৌতূহল থেইকাই এসব কথা কয়।’ 
রহস্যের পেছনে মিলল যে বাস্তবতা
স্থানীয়দের মুখে বাড়িটি নিয়ে যত গল্পই থাকুক, অনুসন্ধানে এর পেছনে উঠে এসেছে দীর্ঘদিনের অব্যবহৃত পরিবেশ ও ব্যবসায়িক বাস্তবতা। একসময় যে বাড়িতে একটি পরিবার বসবাস করত, ২০০০ সালে মালিকের মৃত্যুর পর সেটি ধীরে ধীরে গোডাউনে পরিণত হয়। পরবর্তী সময়ে ওপরের তলাগুলোতে আর নিয়মিত বসবাস গড়ে ওঠেনি। মালিকের বিদেশে অবস্থান, ব্যবসার প্রয়োজনে গোডাউন হিসেবে ব্যবহার এবং ভবনের অপরিচ্ছন্ন পরিবেশ বাড়িটিকে আরও রহস্যময় করে তুলেছে। বাড়িটি ঘিরে অস্বাভাবিক শব্দ, ধোঁয়া কিংবা ভাড়াটিয়াদের চলে যাওয়ার গল্পের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।
তবু প্রশ্ন থেকে যায়, প্রায় তিন দশক ধরে একটি বাড়ি এভাবে জনশূন্য থাকার পরও কেন তার নামের সঙ্গে জড়িয়ে গেল ভূতের গল্প? কেন সন্ধ্যা নামলেই বাড়িটির অন্ধকার জানালা ঘিরে মানুষের মনে তৈরি হয় নানা কৌতূহল?
হয়তো বাড়িটির বন্ধ দরজা, আলোহীন জানালা আর দীর্ঘদিনের নীরবতাই মানুষের কল্পনায় জন্ম দিয়েছে রহস্যের। মালিকপক্ষের পরিকল্পনা অনুযায়ী সংস্কার শেষে বাড়িটিতে আবার মানুষের বসবাস শুরু হলে হয়তো বদলে যাবে এর চেহারা। ফিরে আসবে আলো, জানালায় দেখা যাবে মানুষের মুখ, ভাঙবে দীর্ঘদিনের নীরবতা। কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া ‘ভূতের বাড়ি’ নামটি কি এত সহজে মুছে যাবে? নাকি নতুন বাসিন্দাদের আনাগোনার মধ্যেও থেকে যাবে পুরোনো সেই রহস্যের গল্প?





